ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জুলাই ঘোষণাপত্রের খসড়া করিনি, প্রক্রিয়া শুরু হবে: রিজওয়ানা হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময় ঠিক করে দিলেও এর খসড়া তৈরির কাজ এখনও শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, খসড়া তৈরির প্রক্রিয়ায় সব পক্ষকেই অন্তর্ভুক্ত করা হবে, ফলে এ নিয়ে মতভেদ হওয়ার কোনো শঙ্কা সরকার দেখছে না। আগামী ১৪ দিনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়। বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


উপদেষ্টা বলেন, যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেওয়া হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐকমত্য। ১৪ দিনের মধ্যে অসম্ভব নয়। নতুন বছরে নির্বাচনসহ সরকারের সামনে তিনটি লক্ষ্য রয়েছে। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। এর সাথে সাধারণ কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখাও সরকারের লক্ষ্য।


বৈঠকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ভিডিও দেখা হয়েছে জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন,  কেবিনেট বৈঠকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ভিডিও দেখা হয়েছে এবং বিশেষজ্ঞরা দেখিয়েছেন কীভাবে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে সংগৃহীত আলামত বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের প্রতিবেদনে সরকার সন্তুষ্ট। উদ্বেগের বিষয় ছিল, কারণ এখানে আমরাই অফিস করি। যেভাবে তদন্ত হয়েছে তা ভরসা না করার কারণ নেই।


দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না, এটাতো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকেই সিদ্ধান্ত নিতে হবে।


আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই বলে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যে দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, এ সমস্ত কথা আসলে নির্বাচন কমিশন থেকেই আসতে হবে। সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোনো অবস্থান দেখতেন সরকার এই দল নিষিদ্ধ করছে, তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারতেন। তাছাড়া কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশন দেবে।


তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে আসা, না আসা সরকারের ওপর নির্ভর করছে না? জানতে চাইলে পানি সম্পদ উপদেষ্টার রিজওয়ানা হাসান বলেন, এখনো পর্যন্ত সরকার এই বিষয়ে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। এ রকমতো কোনো অবস্থান নেয়নি। আমরা যেটি দেখেছি যে হাইকোর্টে এ রকম একটি বা দুটি পিটিশন হয়েছিল, সেগুলোর একটি প্রত্যাহার করা হয়েছে, আরেকটি হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে।


শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এক প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। তাকে ফেরত পাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে সেটিও আমরা বলেছি, সেখানে একটি ব্যতিক্রম আছে সেটিও আমরা বলেছি। ভারত কি অবস্থান নেবে, একটি অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায়, আবার চূড়ান্ত একটি অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে। সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে আমরা চাইবো শেখ হাসিনার উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করবো।


নতুন বছরে সরকার কোন কাজগুলোতে অগ্রাধিকার দেবে? জানতে চাইলে উপদেষ্টা বলেন, নতুন বছরে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হবে তিনটি। প্রথমত জুলাই-আগস্ট হত্যাকাণ্ড ও বর্বরতার বিচার নিশ্চিত করা। দ্বিতীয়ত, যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আসবে সেগুলোর বিষয়ে রাজনৈতিক মতৈক্য গড়ে সেগুলো সংস্কার করা, আরেকটি হচ্ছে নির্বাচনের একটা পরিষ্কার রোডম্যাপ ডেভেলপ করা।‌ এর পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সব সময় যে চ্যালেঞ্জগুলো থাকে, সেগুলো থাকবে। এর মধ্যে দুটো যেটি অন্তর্বর্তী সরকার মনে করে প্রাধান্য দিচ্ছে- একটি হচ্ছে আইনশৃঙ্খলা, আরেকটি হচ্ছে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা।


সংস্কার নিয়ে আলোচনা চলছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছেন। তবে সংস্কার কতটা ব্যাপক হবে, তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ।

ads
ads
ads

Our Facebook Page

↑